অবিলম্বে প্রকাশের জন্য
যোগাযোগ: Elana Eden, eeden@lafla.org
ফেডারেল আইন প্রয়োগে গাফিলতির কারণে ভাড়াটেদের অধিকার রক্ষায় রাজ্য আইনের দ্বারস্থ সমাজকর্মীরা
লস অ্যাঞ্জেলেস, CA — লস অ্যাঞ্জেলেস শহরের হাউজিং অথরিটির (HACLA) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভাড়াটে এবং সমাজকর্মীরা। তাদের অভিযোগ, আবাসন সহায়তা চাইছেন এমন কম আয়ের পরিবারদেরকে আইনিভাবে বাধ্যতামূলক ভাষাগত পরিষেবা দিতে সংস্থাটি ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হচ্ছে। এর ফলে শুধুমাত্র ইংরেজি কম জানার কারণে অসহায় ভাড়াটেরা নিজেদের ঘর হারানোর ঝুঁকিতে পড়ছেন।
Legal Aid Foundation of Los Angeles (LAFLA), ল অফিস অফ Autumn Elliott এবং Western Center on Law & Poverty (WCLP) এই মামলাটি দায়ের করেছে। মামলায় বলা হয়েছে যে, কম ইংরেজি জানা ভাড়াটেদের দোভাষী এবং অনুবাদের সুবিধা দিতে HACLA বারবার অস্বীকার করে আসছে, যা রাজ্যের নাগরিক অধিকার আইন এবং তাদের নিজেদের নীতির সরাসরি লঙ্ঘন। Ms. Hyun Joo এবং Ms. Eva Oceguera-র সাথে এই অভিযোগে যোগ দিয়েছে Korean Resource Center, নামের একটি সামাজিক সংগঠন। HACLA ভাষাগত সাহায্য না দেওয়ায় এই সংগঠনটিকে তাদের নিজস্ব সীমিত তহবিল থেকে এই পরিবারদেরকে সাহায্য করতে হয়েছে।
“আমার সাথে যা যা ঘটেছে—যেমন আমাকে এড়িয়ে চলা, অপমান করা এবং হুমকি দেওয়া—তার সবটাই এড়ানো যেত যদি HACLA শুধু একজন দোভাষীর ব্যবস্থা করত,” বললেন কোরিয়ানভাষী মা Ms. Joo, যিনি একটি Emergency Housing Voucher পেয়েছেন। “আমি এই মামলাটি করেছি কারণ শুধু ইংরেজি বলতে না পারার কারণে কারও কষ্ট পাওয়া বা নিজের থাকার জায়গা হারানোর ঝুঁকিতে পড়া উচিত নয়।”
“এটি একটি অবিরাম লড়াই,” বললেন স্প্যানিশভাষী ঠাকুমা Ms. Oceguera, যিনি 20 বছর ধরে Section 8 কর্মসূচির সুবিধা পাচ্ছেন। “তারা বছরের পর বছর ধরে আমার অনুরোধ উপেক্ষা করেছে এবং আমার ও আমার সন্তানদের সাথে খুব খারাপ আচরণ করেছে। এর ফলে আমার পরিবার যাতে রাস্তায় এসে না দাঁড়ায়, তা আটকানোর ব্যাপারে নিজেকে খুব অসহায় মনে হয়।”
Ms. Joo এবং Ms. Oceguera বারবার HACLA-কে তাদের ভাষার অসুবিধার কথা জানানো সত্ত্বেও গুরুত্বপূর্ণ চিঠি ও নোটিশগুলি কেবল ইংরেজিতেই পাঠানো হতে থাকে। এই দুই নারীকেই এমন সব কাগজে সই করতে বলা হয়েছিল যা তারা বোঝেননি। তাদের কাছে এমন নোটিশও পাঠানো হয়েছিল যেখানে বলা হয় যে, তারা পড়তে পারেন না এমন নির্দেশগুলি পালন না করলে তারা আবাসন সহায়তা হারাতে পারেন। এই বিষয়টি তাদের গৃহহীন হওয়ার চরম ঝুঁকিতে ফেলে দিয়েছিল। তারা দুজনেই জানিয়েছেন যে, জটিল নিয়মকানুন, সংবেদনশীল ব্যক্তিগত তথ্য এবং ঘর হারানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করার মিটিংগুলিতে দোভাষীর কাজ করানোর জন্য তাদের নাবালক সন্তানদের স্কুল কামাই করতে চাপ দেওয়া হয়েছিল।
মামলাটিতে আরও বলা হয়েছে যে, সাধারণ মানুষকে সরকারের প্রাথমিক পরিষেবাগুলি পেতে সাহায্য করার জন্য সামাজিক সংগঠনগুলি কীভাবে নিজেদের সীমিত সম্পদ খরচ করতে বাধ্য হচ্ছে। এর মাধ্যমে তারা মূলত সরকারি সংস্থাগুলির ব্যর্থতার বোঝাই নিজেদের কাঁধে নিচ্ছে। Section 8-এর ফর্ম জমা দেওয়ার মাত্র দুই সপ্তাহের একটি সময়সীমার মধ্যে, Korean Resource Center-কে 200-এরও বেশি কোরিয়ানভাষী পরিবারকে ফর্ম পূরণ করতে সাহায্য করতে হয়েছিল, কারণ HACLA নিজের ভাষায় পরিষেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছিল।
“সরকারি দায়িত্ব পালনের বিকল্প হিসেবে সামাজিক সংগঠনগুলির কাজ করা উচিত নয়,” বললেন Korean Resource Center-এর এক্সিকিউটিভ ডিরেক্টর Isaac Kim। “জীবন বদলে দেওয়ার মতো তথ্যের অনুবাদের জন্য কোনো অলাভজনক সংস্থা, আত্মীয়স্বজন বা নিজেদের নাবালক সন্তানদের ওপর নির্ভর না করেই আবাসন কর্মসূচিগুলিতে সমান সুযোগ পাওয়ার অধিকার এই পরিবারগুলির রয়েছে।”
মামলাটি এমন একটি সময়ে সামনে এসেছে যখন দেশজুড়ে অভিবাসী এবং ভাষাগতভাবে পিছিয়ে পড়া মানুষজন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ক্রমাগত বাধার মুখে পড়ছেন, এবং নিজের ভাষায় পরিষেবা পাওয়ার সুরক্ষা আইনের প্রয়োগও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। “ভাড়াটেদের বর্জন এবং বৈষম্য থেকে রক্ষা করার জন্য ক্যালিফোর্নিয়ার রাজ্য নাগরিক অধিকার আইনগুলি ক্রমশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে,” বললেন LAFLA-র আইনজীবী Heeyoung “Linda” Park।
লস অ্যাঞ্জেলেসের অর্ধেক বাসিন্দাই বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন এবং কম ইংরেজি জানা বাসিন্দাদের প্রায় অর্ধেক অংশেরই আয় এত কম যে তারা HACLA-এর আবাসন কর্মসূচির জন্য যোগ্য। “হাজার হাজার কম আয়ের লস অ্যাঞ্জেলেস অধিবাসী নিজেদের ভাষায় পরিষেবা না পাওয়ার কারণে গুরুত্বপূর্ণ আবাসন সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন,” বললেন নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী Autumn Elliott।
“আমাদের মক্কেলরা আদালতের কাছে আবেদন জানাচ্ছেন যাতে HACLA সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং আবেদনকারীদের জন্য কার্যকর এবং আইনসম্মত ভাষাগত পরিষেবা নিশ্চিত করে,” বললেন WCLP-এর সিনিয়র আইনজীবী Madeline Howard। “এর মধ্যে রয়েছে দোভাষীর ব্যবস্থা, গুরুত্বপূর্ণ কাগজপত্রের অনুবাদ এবং HACLA-এর আবাসন কর্মসূচি জুড়ে সহজে যোগাযোগ করার সুবিধা।”
অভিযোগপত্রের একটি কপি এখানে পাওয়া যাবে। ভাড়াটেরা যদি মনে করেন যে HACLA বা অন্য কোনো আবাসন কর্তৃপক্ষের দ্বারা তাদের ভাষাগত অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তারা LAFLA-র সাথে যোগাযোগ করতে পারেন:
- English & español (স্প্যানিশ) 800-399-4529
- 國語/廣東話(ক্যান্টনিজ এবং ম্যান্ডারিন চায়নিজ) 323-801-7912
- ফিলিপিনো/তাগালোগ 323-801-7979
- ភាសាខ្មែរ(খেমার/কম্বোডিয়ান) 562-304-2535
- 한국어(কোরিয়ান) 323-801-7987
- 日本語 (জাপানি) 323-801-7913
- Tiếng Việt (ভিয়েতনামি) 323-801-7923
- অন্যান্য সমস্ত ভাষা (দোভাষী) 800-399-4529